Header Ads Widget

কুড়িগ্রামের মনঃশ্বর গ্রাম মাদকমুক্ত ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মনঃশ্বর গ্রামকে আনুষ্ঠানিকভাবে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এলাকার সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। এর ভয়াবহ কুফল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মনঃশ্বর গ্রামকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

বক্তারা আরও বলেন, একটি সচেতন, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মনঃশ্বর গ্রামকে মাদকমুক্ত ঘোষণার এই উদ্যোগ অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আফছার আলী সরকার, মো. মকবুল হোসেন, মো. এরফান আল মোহাম্মদ সরকার, বিদ্যানন্দ সেবা সংস্কার কমিটির সভাপতি মো. এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, শাকিল, মিজানুল রহমান সজিব, জাকারিয়া, পারভেজ, হাসিব সরকার, লিখন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।

এলাকাবাসীর বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Post a Comment

0 Comments