দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও মেরামতের কাজ স্থগিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজার এলাকার সাধারণ মানুষ। অবশেষে দুর্ভোগের অবসান দাবিতে রোববার (২ নভেম্বর) আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উমর মজিদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও কৃষক অংশ নেন। তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানান।
স্থানীয়রা জানান, এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি এলাকার শিক্ষা, অর্থনীতি ও সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম ভরসা। বহুদিন ধরে কাজ বন্ধ থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষদের প্রতিদিন কাঁদা-পানি পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
অংশগ্রহণকারীরা আরও জানান, সড়কের পাশে থাকা বাঁধের সংস্কারের অভাব ও বিশুদ্ধ পানীয়জলের প্রকল্পের অনিয়মেও তারা ক্ষুব্ধ। তারা দ্রুত সড়ক সংস্কার, বাঁধ মেরামত ও পানীয়জল প্রকল্পের কার্যক্রমের যথাযথ তদারকির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিনের ভোগান্তি আর সহ্য হচ্ছে না। আমরা সরকারের কাছে দাবি জানাই—অবিলম্বে রাস্তা মেরামতের কাজ শুরু করে জনদুর্ভোগের অবসান ঘটানো হোক।”

0 Comments