নিজস্ব প্রতিবেদক, রাজারহাটঃ
রাজারহাটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন গতি আনতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে অঙ্গীকার নিয়ে রাজারহাট স্পোর্টস একাডেমির নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক রেজাউল করিম রেজা-কে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক শামস উদ্দিন বসুনিয়া সুমন-কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই রাজারহাট স্পোর্টস একাডেমি স্থানীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য মাঠপর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা এবং তরুণদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা।
বর্তমানে একাডেমির অধীনে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম পুরোদমে চলছে। নতুন কমিটি গঠনের পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সভাপতি রেজাউল করিম রেজা বলেন,
“আমাদের প্রধান লক্ষ্য রাজারহাটের যুবসমাজকে মাদকমুক্ত রাখা। খেলাধুলাই পারে একজন তরুণকে বিপথগামিতা থেকে দূরে রাখতে। আমরা চাই রাজারহাটের প্রতিটি প্রান্তে খেলাধুলার বার্তা পৌঁছে দিতে এবং ক্রীড়াঙ্গনকে আবারও প্রাণবন্ত করে তুলতে।”
সাধারণ সম্পাদক শামস উদ্দিন বসুনিয়া সুমন বলেন,
“ক্রীড়ার সাথে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাডেমিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। আমরা খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলার প্রতিও বিশেষ গুরুত্ব দেব। নিবন্ধন শেষ হলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
একাডেমি সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই ও নিবন্ধন কার্যক্রম চলছে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় আগ্রহীদের একাডেমির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি রাজারহাটের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।

0 Comments